স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ জুলাই: পার্কের ভেতরে ঝোপঝাড়ের আড়ালে যুগলদের আসর। দিনভর অশ্লীল কাজকর্মে লিপ্ত তরুণ তরুণীদের একাংশ। এমনই অভিযোগ তুলে রায়গঞ্জের সোহারই এলাকায় অবস্থিত কুলিক ইকো পার্কে বুধবার তালা ঝুলিয়ে দিলেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, এমন আপত্তিজনক কর্মকান্ডের জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রভাব পরছে শিশু কিশোরদের উপরে। ঘটনায় প্রশ্নের মুখে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা।

বেশকয়েক বছর আগে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সৌজন্যে কুলিক বনাঞ্চল সংলগ্ন স্থানে সাধরণ মানুষের বিনোদনের জন্য তৈরী হয়েছিল এই ইকোপার্কটি। ক্যানেলের জলে বোটিং থেকে সুদৃশ্য বাগান, ফোয়ারা, ছোটো শিশুদের জন্য মনোরঞ্জনের নানান সামগ্রী দিয়ে ভরপুর ছিল পার্কটি। যদিও সময়ের সাথে সাথে বেহাল হতে থাকে ইকোপার্ক। সম্প্রতি সেখানে বহিরাগত তরুণ-তরুণীদের আনাগোনা বাড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিকিট কেটে পার্কে ঢুকে অশ্লীল কাজকর্মে লিপ্ত হচ্ছে তরুণ-তরুণীদের একাংশ। ঝোপঝাড়ের আড়ালে দিনভর এমনটাই চলছে বলে অভিযোগ। যার জেরে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। স্থানীয় কিশোর কিশোরী ও যুব সমাজও এর দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে বলে অভিযোগ। যদিও তাতে নজর নেই পার্কের সার্বিক দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের।

এ বিষয়ে পূর্বে স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনকে আবেদন জানিয়েও কোনো সরাহা না হওয়ায় বুধবার দুপুরে এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে প্রথমে পার্কের ভেতরে অভিযান চালিয়ে যুগলদের বের করে দেন। তারপর পার্কের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এক্ষেত্রে বিশেষ পদক্ষেপ না করলে পার্ক বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। ঘটনাকে ঘিরে এদিন উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। যদিও এ ব্যপারে কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

