বলরামপুরে সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, গ্রেফতার ৫

সাথী দাস, পুরুলিয়া, ১০ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার রুচাপ গ্রামে। ঘটনায় গুরুতর জখম তিন পুলিশ আধিকারিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই ওই গ্রাম থেকে পাঁচজনকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হয়। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বুধবার রাতে বলরামপুর থানার রুচাপ গ্রামে সরস্বতী পুজোর বির্সজন ছিল। মাইক ও বক্স বাজিয়ে বিসর্জনের জন্য তৈরি ছিল গ্রামের যুবকরা। ঠিক সেই সময় বলরামপুর থানা থেকে পুলিশ গ্রামে গিয়ে বিসর্জন শান্তিপূর্ণ ভাবে করার জন্য পৌছালে গ্রামবাসীরা পুলিশকে ফিরে যেতে বলেন এবং নিজেরাই বিসর্জন করবেন বলে জানিয়ে দেন। এই নিয়ে তাদের সাথে পুলিশের বচসা হলে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয়। রাতের অন্ধকারে ইট পাথরের আঘাতে তিনজন পুলিশ আধিকারিক জখম হন। রাতেই তাদের বাঁশগড় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পুরুলিয়া সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন। এরপরই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে রাতেই আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ ওই গ্রামে তল্লাশি অভিযান চালায়। ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি রয়েছে পুরো গ্রামজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *