রাস্তা সংস্কারের দাবিতে ঝাড়গ্রামের পুকুরিয়াতে পথ অবরোধ গ্রামবাসীদের

অমরজিৎদে, ঝাড়গ্রাম, ২৫ অক্টোবর:
রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম–চন্দ্রী রাস্তার মাঝে পুকুরিয়া এলাকায় পথ অবরোধ। সাপধরা গ্রাম পঞ্চায়েতের পিন্ডরা গ্রামের বাসিন্দারা অবরোধ করে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পুকুরিয়া থেকে পিন্ডরা যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বারবার স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও রাস্তাটি সংস্কারের কোনো ব্যবস্থা করা হয়নি। যার ফলে ওই এলাকার বাসিন্দাদের রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়।

প্রতিনিয়ত ওই রাস্তায় দুর্ঘটনার ঘটনা ঘটে বলে গ্রামবাসীরা জানান। তা সত্ত্বেও ওই রাস্তাটি মেরামত করার জন্য সাপ ধরা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। সেই জন্য সোমবার সকাল থেকে পিন্ডরা গ্রামের বাসিন্দারা পুকুরিয়া এলাকায় পথ অবরোধ করে। তাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করতে হবে এবং তাদের লিখিত ভাবে জানাতে হবে কবে রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে। তা না হলে তারা লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।

পথ অবরোধের ফলে ওই রাস্তা দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পথ অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ও গ্রামবাসীরা পথ অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ ও প্রধানের প্রতিশ্রুতি তে অবরোধ তোলে গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *