অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ জুন:
বেহাল গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ গ্রামবাসীদের। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের প্রহরাজপুরে। বৃহস্পতিবার সকাল থেকে শতাধিক গ্রামবাসী প্রহরাজপুর থেকে ধবাশোল যাওয়ার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করে। অবরোধের জেরে রাস্তা দিয়ে যাবতীয় মানুষ এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অবরোধ স্থলে উপস্থিত হয়েছেন প্রশাসনের আধিকারিকরা ও সাঁকরাইল থানার পুলিশ।
গ্রামবাসীদের বক্তব্য, রাস্তা সংস্কারের দাবি নিয়ে বছরের পর বছর প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। এলাকাবাসীর দাবি ছিল, তাদের যোগাযোগের রাস্তাটা চলাফেরার অযোগ্য, তাই কোনও পিচ কিংবা ঢালাই নয়, রাস্তাটি আগের মতো লাল মাটির হলেও যেন সহজে যাতায়াতের যোগ্য অবস্থায় থাকে। বছরের পর বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলে প্রতিনিয়ত প্রতিশ্রুতি এসেছে রাস্তা শুরু সংস্কার নয় রাস্তা পাকা হবে এবং আগের থেকে চওড়াও হবে। কিন্তু সব প্রতিশ্রুতিই সার, হয়নি রাস্তার সংস্কার কিংবা নতুন রাস্তা।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তা নতুন হওয়া তো দুরের কথা দীর্ঘ আট দশ বছর সংস্কারের অভাবে বর্তমানে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার প্রায় ৫ কিলোমিটার যাবৎ এই অবস্থার জন্য সমস্যায় পড়তে হচ্ছে প্রায় ১০ টি গ্রামের মানুষকে। ব্যাঙ্ক, স্কুল, হাসপাতাল, কেনাকাটার জন্য বাজারে যাতায়াত এখন দুরুহ হয়ে পড়েছে এলাকার মানুষের। অভিযোগ, বেহাল রাস্তার জন্য রাতবিরেতে হাসপাতালে রোগী পৌঁছে দেওয়ার জন্য গাড়ি ভাড়া করলে সহজে গাড়ি রাস্তা দিয়ে আসতে চায় না। সাইকেলে নিয়মিত যাতায়াত করতে চাইলেও কমকরে ৮ থেকে ১০ বার রাস্তার মধ্যে নামতে হয় বলে অভিযোগ অবরোধকারীদের। তাই আজ সকাল থেকে পথ অবরোধে নামেন স্থানীয়রা।
অবরোধকারীরা জানান, প্রশাসনের সুনির্দিষ্ট আশ্বাস না মেলা পর্যন্ত অবরোধ চলবে। প্রয়োজনে অবরোধ অনশনে রূপান্তরিত হতে পারে। কিন্তু বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অনড় থাকবেন সাঁকরাইলের প্রহরাজপুর থেকে ধবাশোল রাস্তার ভুক্তভোগীরা।

