গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৯ জুলাই: বেআইনিভাবে বালি তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরামবাগে। ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর এলাকায়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
এলাকা সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে বালি মাফিয়ারা
বেআইনিভাবে দ্বারকেশ্বর নদীর পাড় কেটে ফেলছে। এমনকি তারই সাথে বালি বোঝাই লরি রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়ার সময় ব্যাপক ধুলোবালি উড়ে ঘরবাড়ি রাস্তাঘাট সব ধুলোয় ভর্তি হয়ে যায়। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুলিশ প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে আরামবাগ বর্ধমান রোডের চাদুর এলাকায় প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে রাখে গ্রামবাসীরা। আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে দেয় গ্রামবাসীরা।

