ভিলেজ পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ সবংয়ে 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ভিলেজ পুলিশ ও তার বাবা-মা’র বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সবং থানার তেমাথানি এলাকায়।পুলিশ অভিযুক্ত ভিলেজ পুলিশ ও তাঁর বাবা-মাকে আটক করেছে।
 
পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম নীলিমা মাইতি(৩৩)। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় নীলিমার দেহ। নীলিমার বাবা মঙ্গল মাইতি সবং থানায় অভিযোগ দায়ের করে দাবি করেছেন, তাঁর মেয়ে নীলিমাকে মারধর করার পর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, বছর দশেক আগে অভিযুক্ত ভিলেজ পুলিশ সুরজিৎ মাইতির সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর থেকেই পণের দাবিতে নীলিমার ওপর অত্যাচার চালাতো অভিযুক্ত ভিলেজ পুলিশ সুরজিৎ মাইতির বাবা গোপাল মাইতি ও মা সন্ধ্যা মাইতি। এরই মধ্যে সুরজিৎ ও নীলিমার একটি পুত্র সন্তান হয়, যার বর্তমান বয়স ৭ বছর।
 
মঙ্গল বাবুর অভিযোগ, বিয়ের কয়েকবছর পর থেকে সুরজিৎ একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়ে। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। একদিকে শ্বশুর-শাশুড়ির অত্যাচার অন্যদিকে স্বামীর উপেক্ষা এবং অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়েছিল নীলিমা। তারই মধ্যে ঘটে যায় এই ঘটনা।

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, সুরজিতের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। মাস কয়েক আগে এক বিবাহিতার সঙ্গে সুরজিৎ হাতে নাতে ধরাও পড়ে। সুরজিতের পরিবার অবশ্য দাবি করেছে, আত্মহত্যাই করেছে নীলিমা। তাঁদের দাবি ঘটনার সময় বাড়িতে কেউই ছিল না। স্থানীয় একটি মেলায় গিয়েছিল সুরজিৎয়ের দাদা-বৌদি এবং বাবা মা। অভিযোগ পাওয়ার পর পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *