আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৭ এপ্রিল: পূর্ণিমার ভরা কোটালের জলের তোড়ে নদীবাঁধ ভেঙ্গে প্লাবিত হল গোটা গ্রাম। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত কিশোরীমোহনপুর নদীর ঘাট এলাকায়। ঠাকুরান নদীর বাঁধ ভেঙ্গে কিশোরীমোহনপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বাঁধ ভাঙ্গার খবর পেয়ে কুলতলি বিডিওর নির্দেশে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত। এলাকার বহু জায়গায় নদীবাঁধের ভীষণ খারাপ অবস্থা, যেভাবে পূর্ণিমার কোটালে নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে তাতে আরও একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষজন। তবে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যের মধ্যেই নদীবাঁধ মেরামতির কাজ শেষ হবে। নতুন করে কোথাও যাতে বাঁধ ভেঙ্গে প্লাবিত না হয় সেদিকেও সেচ দফতরের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে।


