আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর:
বছর শেষে পঞ্চায়েত ভোট। শিক্ষা সহ নানা ক্ষেত্রে দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতারা জেল হেফাজতে। তাই পায়ের তলার মাটি শক্ত করতে রাজ্যের সমস্ত ব্লকের তৃণমূল স্তরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের জন্য বিজয়া সম্মিলনীর নির্দেশ দেওয়া হয় রাজ্য নেতৃত্ব থেকে। সেই মতো আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পিড়াকাটা কমিউনিটি হলে এবং মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী কমিউনিটি হলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িক তথা অভিনেত্রী জুন মালিয়া, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

