গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২০
মার্চ: খুশির ঈদ উপলক্ষে আজ দুটি ধাপে ২৪১টি অত্যন্ত গরিব, অনাথ, অবহেলিত, বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে- মেয়ের হাতে নুতন পোশাক উপহার হিসাবে তুলে দিলো হুগলীর আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি। সমিতির পক্ষ থেকে আজ বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়া হয় এবং যে সব ছেলে- মেয়েরা নুতন পোশাক কিনতে পারেনি তাদের সকলের হাতে নুতন পোশাক উপহার হিসাবে তুলে দেওয়া হয়। পোশাক তুলে দেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্বও সমিতির পক্ষ থেকে বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একাদশ শ্রেণির দু’জন ছাত্রীর সমস্ত প্রয়োজনীয় বই সমিতির পক্ষ থেকে আজই উপহার হিসাবে তুলে দেওয়া হয়।
সমিতির সম্পাদক জানান, “প্রায় ৩২৯০০ ছেলে- মেয়ে বিহান শিশু কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত আছে। সমিতি সাধ্যমতো সেই সমস্ত ছেলে- মেয়ের পাশে থাকার চেষ্টা করছে। প্রতিটা শিশুকে সুস্থ- স্বাভাবিক রাখা ও সমস্ত অন্যায় ও অত্যাচার থেকে তাদের রক্ষা করাই বিহান শিশু কল্যাণ সমিতির প্রধান লক্ষ্য।”

