পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৩০ অক্টোবর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালা (Centre for Adivasi Studies & Museum)-র উদ্যোগে পটচিত্র শিল্পীদের নিয়ে শুরু হল এক ২০ দিনের কর্মশালা। পশ্চিম মেদিনীপুরের পিংলায় অবস্থিত নয়া গ্রামের পটুয়া শিল্প আজ বিশ্বখ্যাত। এই গ্রামের চিত্রকারদের সংগঠন চিত্রতরু’কে সঙ্গে নিয়ে পিংলার নয়াতে আজ উদ্বোধন হল Product & Design and Sensitization Workshop শীর্ষক এই কার্যক্রম। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে, আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালার কর্ণধার এবং নৃতত্ত্বের অধ্যাপক ডঃ সুমহান বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডঃ ইয়াসিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাঙ্কের এজিএম অনিরুদ্ধ বড়ুয়া, চিত্রতরুর সেক্রেটারি মন্টু চিত্রকর। অধ্যাপক তপন কুমার দে চারাগাছে জল দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বাংলার পটের ধারাকে অক্ষুণ্ন রেখে নকশার বহুমুখীকরণ সম্পর্কে ভাষণ রাখেন।

আজ অনুষ্ঠান সূচনার পরে উপস্থিত চিত্রকারদের নকশা ও নকশার উপাদান তথা কৌশল, শিল্প ও নকশার অন্তরায় সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু জানা, ছাবিন্দার পাঞ্চাল, অরিন্দম দেবনাথ, কাঞ্চন রায় কাঞ্জিলাল এবং সুস্মিতা ঘোষ প্রমুখ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গবেষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবজ্যোতি পাত্র, সুমন মাইতি, সারিধরম বাস্কে, তরুণ সামন্ত সহ আরো অনেকে। এই সম্পূর্ণ কার্যক্রমের জন্য অর্থ বিনিয়োগ করেছে ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্ক।
এই কর্মসূচির প্রথম ভাগ চলবে আজ ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ও দ্বিতীয় ভাগ আয়োজিত হবে ১৮ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মোট ২০ দিনের এই কর্মোদ্যোগের প্রধান উদ্দেশ্য মূলত বঙ্গীয় পটচিত্রের উৎপাদিত সামগ্রী ও নকশার বহুমুখীকরণ।

