সাথী দাস, পুরুলিয়া, ২০ আগস্ট: মনসা বিসর্জনের শোভাযাত্রায় আটকে পড়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জির আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হল। তাঁর এই আচরণে অস্বস্তিতে পড়ল তৃণমূল। ইতিমধ্যে শুধু বিরোধী বিজেপি নয় শাসক তৃণমূলের রাজ্য নেতারাও বিষয়টি ভালো চোখে দেখছেন না। যদিও ‘আমাদের ভারত’ ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি।
জানা গিয়েছে, বুধবার রাতে পুঞ্চার লাখরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি শোভাযাত্রার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করছেন তিনি। তাঁর এই ভিডিও নিয়ে আজ সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, “ওখানে একটি গাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছিল। সেটা দেখার জন্য আমার তিন দেহ রক্ষীর মধ্যে দুজনকে সেখানে উদ্ধার কাজের জন্য পাঠায়। তাদের একজনের অস্ত্র আমার হাতে ধরে ছিলাম। বিষয়টি নিয়ে এতো রটনার কোনও মানে নেই।”
এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “ভোটের সময়ে উনি মুখে হুমকি দিয়েছিলেন। এখন রক্ষীর অস্ত্র নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। বিষয়টি পুলিশকে তদন্তের জন্য বলব।”
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তি রাম মাহাতো বলেন, “এটা যদি হয়ে থাকে তাহলে নিন্দনীয়। আমাদের শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে আচরণ ঠিক রাখা উচিৎ। দলের ভাবমূর্তি জনমানসে খারাপ হতে পারে।”

