বালি মোরাম পাচার সংক্রান্ত তৃণমূল নেতাদের বৈঠকের ভিডিও ভাইরাল

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: বালি, মোরাম পাচার দুর্নীতি নিয়ে গড়বেতার তৃণমূল নেতা ও বিধায়কদের সভায় উত্তেজনার একটি ভিডিও তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। ভিডিও পোষ্টটিতে দেখা যাচ্ছে, গড়বেতা ব্লক তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করার সময় বিধায়ক উত্তরা সিংহ হাজরা ধমক দিয়ে বলছেন, মোরাম, বালি নিয়ে যা কামানোর সবাই কামিয়ে নিয়েছো, সবার গলা পর্যন্ত ভরে গেছে, তার মধ্যে তিনিও রয়েছেন।

দলের একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি দলের জেলা কোর কমিটির বৈঠকে গড়বেতার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলা সভাপতি সুজয় হাজরা ব্লক সভাপতি সেবাব্রত ঘোষকে কয়েকটি দিকে বাড়তি নজর রাখার নির্দেশ দিয়েছেন।গড়বেতায় হওয়া তৃণমূলের এই রুদ্ধদ্বার  বৈঠকের একটি অংশের ভিডিও (যদিও তার সত্যতা যাচাই করা হয়নি) হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। বৈঠকে নেতানেত্রীদের বাক্য বিনিময় থেকে বখরা নিয়ে অব্যাহত গোলমালের ছবি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে গলা পর্যন্ত হাত নিয়ে গিয়ে গড়বেতার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ বলছেন, ‘আমাদের সবারই এই এতটা পর্যন্ত হয়ে গিয়েছে।’ বিধায়কের মন্তব্যের জোরালো প্রতিবাদ করে স্থানীয় নেতা অসীম ওঝা বলেন , ‘না, হয়নি। আমার হয়নি।’ পরক্ষণে উত্তরাকে বলতে শোনা গিয়েছে, ‘সবারই বলছি। তারমধ্যে তো আমিও আছি। আমি তো বলছি, আমিও আছি।’ অসীম পাল্টা বলেন, ‘তুমি থাকতে পারো। আমি নেই।” পরে গড়বেতার নেতা অসীম  সাংবাদিকদের বলেন, দলের যারা দূর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সূত্রে খবর, মাস খানেক আগে এই বৈঠক হয়েছে। যেখানে উত্তরা সিং হাজরার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জয় রায়। উত্তরা বলেছেন, লুটে নিয়ে আজ বড় বড় কথা! তখন তো সবাই ছিলে। আমি পার্টির মেয়ে বলে বসে আছি চুপ করে!’ উত্তরা বলেছেন,
‘লোকসভায় কেন দল হেরেছে? কৈফিয়ত দেবে না? লোকসভায় কেন হারল দল জানতে চাইছে।তখন তো বেশ মোরাম, বালি নিয়ে ব্যস্ত ১ নম্বর, ২ নম্বর সব অঞ্চল।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, উত্তরার বক্তব্যের প্রতিবাদে সরব হন জয়। তিনি বলেছেন, “কাউকে দোষী করার আগে নিজেকেও দেখতে হবে। নিজেকেও বুঝতে হবে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, জয় সরব হওয়ার পর সুর নরম করে উত্তরাকে বলতে শোনা গিয়েছে, ‘আস্তে আস্তে। আমি বলি কী, ঠিক আছে। যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। এ বার দয়া করে যেন না হয়।’  তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, আমি দলের সেখানকার আহ্বায়ক  সেবাব্রত ঘোষ এবং বিধায়কের কাছ থেকে বিষয়টি জেনে বলবো, দূর্নীতিতে দলের কেউ যুক্ত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, “তৃণমূল শাসিত বাংলায় মাফিয়ারাজ চলছে। মানুষ এর প্রতিবাদ করবে। শুধু উত্তরা নন সারা বাংলায় অরজাকতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *