আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ে ঝাড়গ্রামের লালগড় বাজারে বিজয় মিছিল করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেল চারটের সময় তিনি খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও ঝাড়গ্রাম জেলা বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে কয়েক হাজার মানুষের সঙ্গে মিছিল করে লালগড় বাজার পরিক্রমা করেন। মিছিল শেষে একটি পথসভায় শুভেন্দু অধিকারী দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করায় দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

মিছিল ও পথ সভায় জনসমাগম দেখে শুভেন্দু অধিকারী বলেন, গত লোকসভা নির্বাচনে আন্দোলনের পিঠস্থান ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের সমস্ত কেন্দ্রে বিজেপি প্রার্থীদের আপনারা জয়ী করেছিলেন। আগামী লোকসভা নির্বাচনেও জঙ্গলমহলের সব কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে। শুভেন্দু অধিকারী বলেন, গত বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের আদিবাসী মানুষ তৃণমূল প্রার্থীদের ভোট দিয়েছিলেন কিন্তু সেই তৃণমূল দলের সাংসদ বিধায়করা আদিবাসীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি। তৃণমূল দল যে আদিবাসীদের সমর্থন করেন না রাষ্ট্রপতি নির্বাচনে তা প্রমাণ হয়েছে।


