পৌষ মেলা না হওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন বিশ্বভারতীর উপাচার্য, পাল্টা উপাচার্যকে মিথ্যাবাদী বললেন চন্দ্রনাথ সিং

আশিষ মণ্ডল, বীরভূম, ২৩ ডিসেম্বর: ৭ই পৌষের উপাসনায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অভিযোগে তীর রাজ্য সরকারের দিকে। উপাচার্যকে মিথ্যাবাদী বলে তীব্র সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী ও বিশ্বভারতীর প্রাক্তনী চন্দ্রনাথ সিং। বৃহস্পতিবার সকালে চিরাচরিত প্রথা মেনে শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে ১৪২৮ বঙ্গাব্দের পৌষ উৎসবের সূচনা হলো।

এই পৌষ উৎসবের অনুষ্ঠানে আচার্যের ভাষণ দিতে গিয়ে উপাচার্য রাজ্য সরকারের দিকে অভিযোগ করেন। তিনি বলেন যে, অন্যান্য সকল মানুষের মতো তার মনও ভারাক্রান্ত। ফাঁকা পৌষ মেলার মাঠ দেখে তার চোখেও জল। তবে এই পৌষ মেলা না করার জন্য রাজ্য সরকারকে তিনি দায়ী করেন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিশ্বভারতী যখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে বার বার চিঠি দিয়ে জানতে চেয়েছেন পৌষ মেলা করা কি সম্ভব, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও উত্তর আসেনি। তাই এবছর পৌষ মেলা করা সম্ভব হয়নি। উপাচার্যের এই বক্তব্য যে সর্বৈব মিথ্যা, তা এ দিন জানান বিশ্বভারতীর প্রাক্তনী তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, উপাচার্য মিথ্যা কথা বলছেন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব আমাদের দলনেত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এই মেলায় তার সম্মতি যদি না থাকতো, তাহলে জেলা প্রশাসনের সহযোগিতায় বোলপুরবাসী কিভাবে এত বড় মেলার আয়োজন করতে পারত।

প্রসঙ্গত, উল্লেখ করা যেতে পারে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এবং বোলপুর পৌরসভা ও বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় বোলপুর ডাকবাংলো মাঠে বিশাল আকারে পৌষ মেলার আয়োজন করা হয়েছে। ৮০০-র বেশী স্টলের ঠাঁই হয়েছে এই মেলায়। এদিন সকালে ছাতিমতলার সামনে থেকেই প্রভাতফেরী করে মেলার মাঠে এসে মেলার সূচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *