আমাদের ভারত, ২৫ জুলাই: সরকারি হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগী এবার ভিডিও কলিং এর মাধ্যমে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলতে পারবেন। মোবাইল রাখার অনুমতি না থাকায় এই ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষকেই করতে হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গেছে।
রাজ্যের সরকারি হাসপাতালে ভর্তি কোন করোনা আক্রান্ত এবার থেকে ভিডিও কলে পরিজনদের সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু রোগীর সাথে মোবাইল রাখার অনুমতি নেই তাই কর্তৃপক্ষকেই ব্যবস্থা করতে হবে বলে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে। মানসিক চাপ কাটাতে রোগীর কাউন্সেলিং করতে পরিবারের সঙ্গে কথা বলা প্রয়োজন। এছাড়াও রোগীর শরীরের অবস্থা কেমন কত দিনে তিনি সুস্থ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানাতে হবে রোগীর পরিজনকে।
করোনা চিকিৎসায় সরকারি প্রটোকল সঠিক ভাবে মানা হচ্ছে কিনা তা নিয়ে একটি টিম গঠন করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই টিম বিভিন্ন বেসরকারি ও সরকারি হাসপাতাল ঘুরে দেখেছে। দেখা গেছে অনেকেই সব নির্দেশিকা মানছে না। ফলে নতুন করে হাসপাতালগুলোর ক্ষেত্রে নির্দেশিকা পাঠানো হয়েছে।
সংক্রমণ শুরুর প্রথম দিকে রোগীর সঙ্গে মোবাইল রাখার অনুমতি থাকলেও পরবর্তীতে নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয় রোগী মোবাইল যেন না রাখে। কারণ এরফলে হাসপাতালে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। এবার তার বিপরীত মেরুতে গিয়ে রোগীর সঙ্গে পরিজনদের ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করার নির্দেশিকা জারি করল সরকার।
রোগ ছড়ানোর আশঙ্কা থেকে চিকিৎসক বা নার্স ছাড়া রোগীর কাছে তার স্বজনদের প্রবেশ নিষেধ।কিন্তু প্রিয়জনদের সঙ্গে দেখা না করতে পারায় অনেক রোগী মনের দিক থেকে দুর্বল হচ্ছেন একইসঙ্গে উৎকণ্ঠায় কাটাচ্ছেন তার আত্মীয়রাও। সকলকে স্বস্তি দিতেই এই নির্দেশিকা জারি করা হলো।
এবার প্রতিদিন করোনা রোগীর সঙ্গে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলানোর ব্যবস্থা করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর পরিবারের ও রোগীর মানসিক চাপ কাটাতে তাদের নিয়মিত কাউন্সিলিং করতে হবে।

