জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: দু’দিনের একটানা বৃষ্টিতে কেশপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেশপুর ব্লকের খড়িকা, ফরিদচক সহ ১৫টি অঞ্চলের মধ্যে ১৪টি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে রয়েছে। জলের তলায় চলে গিয়েছে ওই এলাকার রাস্তাঘাট। মূলত পারাং ও কুবাই নদীর জল ঢুকে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সুত্রে খবর, ইতিমধ্যেই কেশপুরের ৫ হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়েছে। এখনও কয়েক হাজার মানুষ জলবন্দি। তাদেরও শিবিরে সরিয়ে নিয়ে আসা হবে। কেশপুরের বিভিন্ন জায়গায় চলছে উদ্ধার কাজ। ঘাটাল ব্লকের দেওয়ান চক-১নং অঞ্চলের রঘুনাথপুর গ্রামে আনিকেটের কাছে গলাগড়া খালের বাঁধ ভেঙ্গে সাওড়াবেড়িয়া, বাগাগোড়িয়া, রঘুনাথপুর, সুশীনা সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

