সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ সেপ্টেম্বর: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ইঞ্জিন ভ্যান চালকের। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া-গৌড়বঙ্গ রোডে কইপুকুর এলাকার। মৃতের নাম মনিরুল মণ্ডল (২৭)।

স্থানীয় সূত্রের খবর, বেপরোয়া ১০৭ গাড়ির সঙ্গে একটি ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইঞ্জিন ভ্যান চালক মনিরুল মন্ডলকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃত মণিরুলের বাড়ি বাদুড়িয়া থানার বাগজোলা এলাকায়। পেশাগত কারণে ইঞ্জিনভ্যান নিয়ে গৌড়বঙ্গ রোড ধরে বিড়া যাচ্ছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১০৭ গাড়ির সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে চালক সহ ঘাতক গাড়িটি হাবড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় হাবড়া বারাসত রোড দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাবড়া থেকে বারাসত পর্যন্ত রাস্তা বেহাল অবস্থা। বেপরোয়া ভাবে চলছে যানবাহন। নিত্যদিন এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, অবিলম্বে যদি রাস্তা মেরামত না করা হয় এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

