আলিপুরদুয়ারে জেলবন্দিদের দেওয়া হল ভ্যাক্সিন

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২০ মে: করোনার করাল প্রকোপ থেকে সংশোধনাগারের আবাসিকদের বাঁচাতে এবার উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় আলিপুরদুয়ারের বিশেষ সংশোধনাগারের ২৬০জন কয়েদিকে কোভিশিল্ডের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হল। পাশাপাশি জেলার কুমারগ্রাম ব্লকের জুভেনাইল জাস্টিস হোমের ৭৪ জনকে একইভাবে ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারের ২৬০ জন বন্দির সিংহভাগের সাথেই পরিবারের লোকেরা দেখা করতে আসেন। বন্দিদের কারোর মধ্যেই আপাতত মারণ ভাইরাসের প্রকোপ দেখা না গেলেও বন্দিদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন। তাই আগাম সতর্কতা হিসেবে বুধবার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেই ২৬০ জনকে ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এতে মানসিকভাবেও স্বস্থি পেয়েছেন বিচারাধীন বন্দি, সাজাপ্রাপ্ত আসামিরা।

বন্দিদের জন্য মজুত রাখা হয়েছে হাত ধোয়ার সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং বেশ কিছু মাস্কও। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ছাড়াও স্বাস্থ্য দপ্তরের কর্তারাও উপস্থিত ছিলেন সংশোধনাগারে। সেখানে গিয়ে তারা বন্দিদের করোনা ভাইরাস সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি কিভাবে মানব শরীরে এই ভাইরাস সংক্রামিত হয়, তা বন্দিদের বোঝানোর চেষ্টা করেন। সংশোধনাগারের বন্দিদের করোনার সংক্রমণ থেকে বাঁচতে কি কি করবেন, কি করবেন না,কীভাবে নিজেদের পরিচ্ছন্ন রাখবেন সেই সম্পর্কেও অবহিত করেন।

জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন,”মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দ্রুত বন্দিদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু করলাম।”এদিন সকাল থেকেই শৃঙ্খলা মেনে,দূরত্ববিধি মেনেই এক এক করে সকল বন্দিরাই ভ্যাক্সিন নিয়েছেন।সকলেই সুস্থ রয়েছেন।সকাল থেকে টানা কয়েকঘন্টা স্বাস্থ্য কর্মীরা ভ্যাক্সিন দিতে ব্যস্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *