আমাদের ভারত, শিলিগুড়ি, ২ আগস্ট: শিলিগুড়িতে করোনার টিকা দেওয়া নিয়ে অভিযোগ লেগেই রয়েছে। সব জায়গায় প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ করেন টিকা নিতে আসা সাধারণ মানুষ। এদিন মধ্য শান্তিনগরে অবস্থিত শান্তিনগর উপ-স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকে টিকাকরণ শুরু হয় বাচ্চার মায়েদের জন্য। বাইরে লিখেও দেওয়া হয়েছিল ১০০ জনকেই টিকা দেওয়া হবে। সেইমত টিকাকরণ শুরু হতেই বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা।
মহিলাদের পক্ষে হিমা সাহার অভিযোগ, “বাইরের লোকেরা এসে ২০০ টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিয়ে গিয়েছে। আর আমরা পাড়ার লোক হয়েও খবর পাই না টিকা দেওয়া হচ্ছে। এভাবে টিকাকরণ করা যাবে না। আগে স্থানীয় বাসিন্দারা পাবেন তারপর বাইরের লোক”।
এদিকে বিক্ষোভের খবর পেয়েই ছুটে আসেন ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনি এসে বিক্ষোভরত মহিলাদের সাথে কথা বলে আশ্বাস দেন সবাই টিকা পাবেন। তারপর কিছুটা শান্ত হয় মহিলারা।
এবিষয়ে পঞ্চায়েত সদস্য দিলীপ ঘোষ বলেন, বাইরের কোনও লোক এখানে আসেনি টিকা নিতে। আসলে এলাকাটা অনেক বড় আর গোটা এলাকায় এই একটাই স্বাস্থ্যকেন্দ্র তাই বিভ্রান্তি ছড়িয়েছে। তবে টিকা সকলেই পাবে কারও চিন্তা করার কিছু নেই।
অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী বীণাবতী দাস বললেন, আমরা যা টিকা পাচ্ছি দিয়ে দিচ্ছি। কেউ টাকা নিয়ে টিকা দিচ্ছে না। এটা সরকারি জায়গা এখানে টাকা নেওয়া হয় না। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে টিকা দেওয়া হয়।

