আমাদের ভারত, ৩০ জুন:শেষ পর্যন্ত কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হস্তক্ষেপ করল কেন্দ্র। রাজ্যের কাছে এই ভ্যাকসিন কাণ্ডের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লেখেন এবং সিবিআই তদন্তের দাবি জানান
নকল ভ্যাকসিন কাণ্ড নিয়ে দিন কয়েক ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। কসবায় ভুয়ো আইএএস অফিসার সেজে নকল করোনার টিকাকরণ ক্যাম্প চালু করে দেবাঞ্জন দেব। তাতে টিকা নেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথমটায় তার অভিযোগের ভিত্তিতেই এই ভুয়ো ভ্যাকসিন কান্ডের ঘটনা প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গেই ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেফতার করা হয়। নিজেকে পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে টিককরণের শিবির চালাচ্ছিল সে।
কিন্তু এরপরেও আর বেশি যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তা হলো, করোনা টিকার বদলে পাউডার গোলা জল টিকা শিবিরে ইনজেকশন হিসেবে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক দল সেই নমুনা সংগ্রহ করে ড্রাগ কন্ট্রোলারের কাছে পাঠিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, পৌরসভার আধিকারিক পরিচয় দিয়ে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইঞ্জেকশন কিনেছিলেন দেবাঞ্জন। এমনকি পুরসভার হলোগ্রাম নকল করেছিলেন তিনি।
রাজ্যের বিরোধী দল বিজেপির দাবি মেনে শেষ পর্যন্ত কেন্দ্র এই জালিয়াতি টিকা করণ শিবির কাণ্ডে হস্তক্ষেপ করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ভুয়ো টিকাকরণ ক্যাম্প সংক্রান্ত রিপোর্ট তলব করেছে। শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন কেন্দ্রের এক্ষেত্রে হস্তক্ষেপ করা দরকার। একইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করার দাবিও তিনি জানান।
এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। তাদের অভিযোগ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। এমনকি ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।

