ভুয়ো ভ্যাক্সিন কান্ডে হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার ও কলকাতা পুরসভা

আমাদের ভারত, ৩০ জুন: কসবার ভুয়া ভ্যাকসিন কাণ্ডে রাজ্য সরকার ও কলকাতা পুরসভাকে তীব্র ভৎর্সনা করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ভুয়ো বেক্সিন কাণ্ড নিয়ে হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলা দুটির শুনানি ছিল বুধবার।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ওই ব্যক্তি। প্রশাসনের নজর এড়িয়ে কি করে সে এটা করে যেতে পারল? বিচারপতির আরও প্রশ্ন, আইএএস হলেই কি কেউ গাড়ির মাথায় নীল বাতি ব্যবহার করতে পারে?

প্রসঙ্গত উল্লেখ্য কসবায় ভুয়া ভ্যাকসিন কাণ্ডের মূল পান্ডা দেবাঞ্জন দেব নিজেকে আই এ এস অফিসার হিসেবে পরিচয় দিত। এমনকি নীল বাতি লাগানো গাড়িও ব্যবহার করত।

এদিকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কসবার এই ভ্যাকসিন কান্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের আগে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসনকে চেপে ধরে। রাজ্য প্রশাসনের পাশাপাশি পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, অভিযুক্তকে পুরসভার আধিকারিকরা কেন চিনতে পারলেন না? তবে নীলবাতি গাড়ি ব্যবহার নিয়েই বেশি সরব ছিলেন প্রধান বিচারপতি। আদালতের বক্তব্য, গাড়িতে নীল বাতি ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হচ্ছে না। এই বিষয়ে আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *