জে মাহাতো, আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ জুন: মঙ্গলবার ক্যানিং মহকুমা প্রশাসনের উদ্যোগে চালু হল ভ্যাকসিন অন হুইল। ক্যানিং মহকুমার প্রত্যন্ত গ্রামে গাড়িতে করেই করোনার ভ্যাকসিন নিয়ে পৌঁছে যাবেন স্বাস্থ্য কর্মীরা। সেখানকার বয়স্ক মানুষজন যারা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারছেন না তাদের দেওয়া হবে সেই ভ্যাকসিন। এদিন ক্যানিং মহকুমা হাসপাতালে এই ভ্যাকসিন অন হুইলের উদ্বোধন করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, ক্যানিং মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ পরিমল ডাকুয়া, মহকুমা হাসপাতালের সুপার অপূর্বলাল সরকার সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।
ভ্যাকসিন অন হুইলের পাশাপাশি ক্যানিং মহকুমা হাসপাতাল সহ মহকুমার সমস্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। গত কয়েকদিন ধরে ক্যানিং মহকুমা হাসপাতালে বার বার ভ্যাকসিন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। এলাকার মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছিলেন না বলে অভিযোগ উঠেছিল। সেই সমস্যা মেটাতে হোয়াটস অ্যাপের মাধ্যমে চাট বট পদ্ধতিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে ৪৫ ঊর্ধ্বদের জন্য। পাশাপাশি ১৮ ঊর্ধ্ব যারা সরকারি নির্ধারিত বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাঁদের জন্যও ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে ক্যানিং মহকুমা শাসকের নির্দেশে।
মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা বলেন, “এলাকার সমস্ত মানুষ যাতে সরকারি নির্দেশিকা মেনে ভ্যাকসিন পান সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে।”

