আমাদের ভারত, ১২ অক্টোবর: পুজোর মধ্যে ভালো খবর। জরুরী ভিত্তিতে ২ থেকে ১৮ বছরের বয়সীদের টিকাকরণে কোভ্যাক্সিন টিকা ব্যবহার করা যাবে। মঙ্গলবার এই মর্মে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডিসিজিআইয়ের একটি বিশেষজ্ঞ কমিটি।
ওই বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে দুই থেকে আঠারো বছর বয়সীদের কোভ্যাকসিন টিকা দেওয়া যাবে। সেপ্টেম্বরেই টিকার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় পরীক্ষার পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছে এই টিকা প্রস্তুতকারী সংস্থা। চলতি মাসের গোড়ার সেই সংক্রান্ত ফলাফল ডিসিজিআইয়ের কাছে জমা দেন তারা। যাবতীয় ফলাফল পর্যালোচনার পর মঙ্গলবার তাকে ছাড়পত্র দিল ডিসিজিআই।
কিন্তু কেন্দ্র সরকার ছাড়পত্র দিলেও জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভ্যাকসিনকে এখনো অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। যদিও ভারত বায়োটেক কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষার পর্বের যাবতীয় তথ্য ও ফলাফল গত ৯ জুলাই হু-র কাছে পাঠানো হয়েছে। শিশুদের জন্য এই টিকা উপযুক্ত কিনা তা পর্যালোচনা করতে হু-এর অন্তত সপ্তাহ ৬ সময় লাগবে বলে সূত্রের খবর। তবে তারা জুলাইয়ের শেষেই সেই পর্যালোচনা প্রক্রিয়া শুরু করেছে।

