স্বাস্থ্যবিধি মেনে পুরুলিয়ায় আনুষ্ঠানিক ভাবে বাংলা বছরকে বিদায় জানাল ‘উচ্ছ্বাস’

সাথী দাস, পুরুলিয়া, ১৪ এপ্রিল: বৈচিত্র মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বছর ১৪২৭-কে বিদায় জানালেন পুরুলিয়াবাসী। এরই অঙ্গ হিসেবে বর্ষ বিদায়ের অনুষ্ঠানের আয়োজন করে ‘উচ্ছ্বাস’ নামে একটি সাংস্কৃতিক গোষ্ঠী। আজ সকালে পুরুলিয়া সুভাষ পার্কে আয়োজিত বর্ষ বিদায়ের অনুষ্ঠানে বছরের বিভিন্ন ঘটনা মঞ্চস্থ করেন জেলার বিভিন্ন কলা কুশলীরা।  যন্ত্রানুসঙ্গীত, কবিতা পাঠ, শ্রুতি নাটক, আবৃত্তি, বিভিন্ন সঙ্গীত নৃত্য এবং নাটিকার মধ্য দিয়ে বাংলা বর্ষ বিদায়ের সঙ্গে সঙ্গে স্বাগত জানানো হয় নতুন বছরকে। সাত সকালের অনুষ্ঠানে শুধু অংশ নিতেই নয় মনোজ্ঞ এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিশিষ্টজন। সকালে এই অনুষ্ঠান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সংস্কৃতি প্রিয় মানুষজন। ক্ষুদে-কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও যুবক যুবতীদের মিসেলে এদিনের প্রভাতী অনুষ্ঠান দাগ কাটল উপস্থিত সংস্কৃতি প্রেমীদের। আয়োজক ‘উচ্ছ্বাস’ এর অন্যতম সদস্য পেশায় শিক্ষক শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, “এটা আমাদের চতুর্থ বর্ষের অনুষ্ঠান। কোভিড পরিস্থিতির কারণে গতবার ভার্চুয়াল ভাবে হয়েছিল। এবারও স্বাস্থ্য বিধি মেনেই অনুষ্ঠান হল।”

আয়োজকদের অন্যতম শিক্ষক শুভাশীষ গুহনিয়োগী জানান, বাংলা এবং বাঙালিয়ানা এই দুটোই কেমন যেন নবীন প্রজন্মের কাছে হারিয়ে যাচ্ছে। উচ্ছ্বাস হারিয়ে যেতে বসেছে- যা কাম্য নয়। অথচ, পুরুলিয়া জেলায় প্রচুর সংস্কৃতি চর্চার শিক্ষা প্রতিষ্ঠান রযেছে। তাই, সেই প্রতিষ্ঠান এবং কয়েক জন শিল্পীর সহযোগিতায় বাংলা নব বর্ষের প্রাক্কালে বর্ষ বিদায়ের অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমরা স্থির করি। এই অনুষ্ঠানে সব ধরনের সৃষ্টিকে উপস্থাপিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। সেই প্রচেষ্টাকে সফল করে তুলেছেন স্থানীয় কলাকুশলীরা।

অনুষ্ঠান চলাকালীন মঞ্চের এক পাশে রং তুলিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ ছবি ফুটিয়ে তুলে শ্রদ্ধা জানান চিত্র শিল্পী আকাশ নন্দী। কবিতা কোলাজে, নৃত্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা দেশাত্মোবোধ জাগিয়ে তোলেন। বছরের চির দিনের জন্য হারিয়ে যাওয়া অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি চারণ করে নৃত্যের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় শিঞ্জন সংস্থা। ঝুমুর গানের মধ্য দিয়ে করোনা সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এছাড়া ‘উচ্ছ্বাস’ নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *