স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ মার্চ: জোট ধর্ম ভঙ্গ করে প্রার্থী দাঁড় করিয়ে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে সিপিএম প্রার্থীকে
হারিয়েছিল কংগ্রেস, আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে প্রকাশ্যেই সিপিএম কর্মীদের কাছে ক্ষমা চাইলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। বিগত লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে কংগ্রেস দীপা দাসমুন্সীকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। সেটা ছিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের চরমতম ভুল। শনিবার রায়গঞ্জ বিধান মঞ্চে বাম কংগ্রেস জোটের এক কর্মিসভায় সেই ভুলের কথা স্বীকার করে বাম-কংগ্রেস জোটের কর্মিসভায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।

বলাইবাহুল্য সিপিএম তথা বামফ্রন্ট কর্মীদের কাছে এভাবে কংগ্রেস শীর্ষ নেতার ক্ষমা চাওয়ায় কিছুটা হলেও মহম্মদ সেলিম হারার ক্ষতে প্রলেপ পড়ল। সেই প্রেক্ষিতেই রবিবার মোহিত সেনগুপ্ত বলেন, আমরা এখন একটি পরিবারের মতো। লোকসভা ভোটে আমরা একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলেছি। তাই বামেদের নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল, তা দূর করতেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি।

অন্যদিকে, সিপিএম নেতা উত্তম পাল জানিয়েছেন, আমরা মোহিতবাবুকে ক্ষমা চাইতে বলিনি। আমরা একটি পরিবারের মতো।

