স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ এপ্রিল: নির্বাচনের প্রাক মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে তার পদ থেকে সরিয়ে দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। আজ জেলার ইসলামপুরে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলে এটাই আজ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজিৎ লাহিড়ী একজন বিজেপির ভাল সংগঠক বলে পরিচিত। কিন্তু কেন তাকে হঠাৎ করে তার পদ থেকে সরিয়ে দেওয়া হল তাই নিয়ে প্রশ্ন উঠছে জেলাজুড়ে।
সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে বিশ্বজিৎ বাবু প্রথমেই বলেন তার এবিষয়ে কিছু জানা নেই। তিনি সাংবাদিকদের মুখেই জানতে পেরেছেন যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, দল যদি তাকে সরিয়ে অন্য কোনও যোগ্য ব্যাক্তিকে তার পদে বসান তাতে তার কোনও আপত্তি নেই। কারণ দল নিশ্চয়ই বুঝেছেন এই পদে অন্য কাউকে বসাতে হবে, তাই দলের নির্দেশ অনুযায়ী তিনি তার পদ থাকুক বা না থাকুক দলের হয়েই নির্বাচনের কাজ চালিয়ে যাবেন তিনি।

এ বিষয়ে মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, জেলায় আজ অমিত শাহজি রয়েছেন তবে সাংগঠনিক বিষয় নিয়ে রদবদলের কোনও সম্পর্ক নেই। এতে ভোটেও কোন প্রভাব পড়বে না বলে তিনি জানিয়েছেন।

নব নিযুক্ত জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, এই বিষয়ে আমার উপর দল যে আস্থা রেখেছে তার জন্য নেতৃত্বকে ধন্যবাদ। সকলকে নিয়ে নির্বাচন সফলভাবে পরিচালনা করবো। বিশ্বজিৎ দা আমার দাদার মতন। আগামীতে রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে বিশ্বজিৎ আমার মার্গদর্শক হবেন। জেলার নয়টি বিধানসভা আসনেই বিজেপি জয় লাভ করবে বলে এদিন আশা প্রকাশ করেন বাসুদেব সরকার।

