একুশের লড়াইয়ে তৃতীয়বার ‘উরি উরি বাবা’ প্যারোডিতে আত্মপ্রকাশ সিপিএমের

রাজেন রায়, কলকাতা, ২২ মার্চ: বিজেপি এবং তৃণমূল যেহারে রাজ্যজুড়ে প্রচার শুরু করেছে, সিপিএম কংগ্রেস এবং আইএসএফ অর্থ বল এবং লোক বলে তা করতে পারবে না বলে বুঝে গিয়েছেন নেতারা। কিন্তু ডিজিটাল যুগের প্রচারের অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া। জনসভায় বক্তৃতা দেওয়ার থেকেও যা পৌঁছে যায় প্রত্যেক মানুষের মোবাইলে। এর আগে ব্রিগেডের সভায় লোকজনকে আনার জন্য ‘টুম্পা চল’ এবং তারপরে লুঙ্গি ডান্সের আদলে ‘হাল ফেরাও লাল ফেরাও’ দুটি প্যারোডি বাজারে ছেড়েছে সিপিএম। আর তাতে বিপুল সাড়া মিলতে তৃতীয় প্রকাশনা উষা উত্থুপের বহু পরিচিত ‘উরি উরি বাবা’ গানের প্যরোডি। তাতেও আক্রমণের নিশানায় – ‘বিজেমূল’।

মহিলাদের গাওয়া সমবেত সংগীতটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। বামপন্থী কর্মী, সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই গান। গানের কথায় স্বাভাবিকভাবেই এসেছে অতি প্রাসঙ্গিক কয়েকটি বিষয়। আর্থিক কেলেঙ্কারি, সিবিআইয়ের হানা, নারদা মামলা, কয়লা-কোকেন কেলেঙ্কারিকে একযোগে বিঁধে গানের কথা – ‘বাংলা ঘুরে দেখতে পাবে সব বিজেপিই তৃণমূল’। পাশাপাশি মদন মিত্র-মুকুল রায়ের মধ্যে ‘সেটিং’-এর মতো মারাত্মক অভিযোগও উঠে এসেছে গানে গানে। তিন মিনিটেরও বেশি প্যারোডি গানটি শুনে বেশ উচ্ছ্বসিত বামেদের তরুণ প্রজন্ম। বিজেপি এবং তৃণমূল এর ভিতর গোপন আঁতাত রয়েছে এবং দুজনের লক্ষ্য একই, এই কথা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই গানটিতে।

একুশের ভোটে বামেদের প্রচারে এই আমূল বদল দেখে চমকে যাচ্ছেন অনেকেই। বিশেষত প্রায় জনবিচ্ছিন্ন হয়ে পড়া পক্ককেশের সিপিএম নেতা, কর্মীরা নবপ্রজন্মের মন বুঝে যেভাবে লড়াইয়ে ফিরে আসতে চাইছেন, তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। আর তরুণ প্রজন্মের ওপর ভরসা করে ধীরে ধীরে হারিয়ে যাওয়া পায়ের তলার মাটি ফিরে পেতে চাইছে সিপিএম।
দেখুন ভিডিও
https://youtu.be/__3USOMIOCo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *