ফের ধাক্কা খেল রাজ্য! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

আমাদের ভারত, ৩০ জুন : হাইকোর্টে আবারও রাজ্য সরকার ধাক্কা খেলো। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের তরফে ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই তালিকা নিয়ম মেনে প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের হয়। আগামী শুক্রবার আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ বহাল থাকবে।

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পুজোর আগে ও পরে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে যোগ্যদের নাম নেই।

কিছুদিন আগে প্রকাশিত হয় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিকের সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর পর প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ হবে। মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে।

কিন্তু দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গেই বলেছিলেন, মেধাই সবচেয়ে বড় পরিচয়। কোনও লবি করার প্রয়োজন নেই। কিন্তু সেই অভিযোগের মমলাতেই নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *