জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ ফেব্রুয়ারি: শুক্রবার জামবনি ব্লকের কাদোডিহার দত্তবাঁধ মোড়ে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী শহিদ তিলকা মাঝির ২৭৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংস্কৃতি বোর্ডের চেয়ারম্যান বঙ্গবিভূষণ বিরসা তিরকি।

এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে তিলকা মাঝির অবদান বিস্তারিত ভাবে বর্ণনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সাঁওতালি মহাকবি সূর্য সিং বেসরা ও বিনপুরের বিধায়ক দেবনাথ। মূর্তি উন্মোচনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে কুড়িটি বর্ণাঢ্য আদিবাসী নৃত্যের দল ধামসা মাদলের তালে তালে নাচ গান পরিবেশন করে।

