শহিদ রাজীব থাপার মূর্তির উন্মোচন কালচিনিতে

আলিপুরদুয়ার, আমাদের ভারত, ২৩ আগস্ট: একবছর আগে আজকের দিনই জম্মু-কাশ্মীরের নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনার সঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছিলেন কালচিনি ব্লকের রাজীব থাপা। কালচিনি ব্লকের মেচপাড়া চা-বাগানে শহিদ বীরপুত্রের মূর্তি প্রতিষ্ঠার আবেদন উঠে এসেছিল সর্বস্তর থেকেই। রবিবার রাজীব থাপার মূর্তি উন্মোচিত হল তার মেচপাড়া চা-বাগানেই। নেতা থেকে স্থানীয় মানুষ সহ বর্তমান এবং প্রাক্তন সেনাকর্মীদের উপস্থিতিতে কান্না ভেজা চোখে মূর্তির উদ্বোধন করলেন রাজীবের বাবা কুমার থাপা। এরপরেই শহিদের মেয়েকে কোলে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা।

শুধু মূর্তির উদ্বোধন নয়, কালচিনি থেকে মেচপাড়া যাবার রাস্তায় যেখানে মূর্তি বসানো হয়েছে, সেই স্থানটিও রাজীব চক হিসেবে নামকরণ করা হয়েছে। মোহন শর্মা বলেন, শহিদ রাজীব থাপা শুধু কালচিনি বা আলিপুরদুয়ার নয়, গোটা দেশের গর্ব। আমরা সব সময় তার পরিবারের পাশে আছি।দেশ গৌরবিত যে, এমন প্রচুর শহিদের জন্ম দিয়েছে কালচিনি। রাজীব থাপা ছাত্র যুবদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, কালচিনিতে প্রথম কোনও শহিদের মুর্তি বসানো হল। এই প্রকান্ড সুদৃশ্য মূর্তিটি আলিপুরদুয়ারের এক শিল্পীর হাতে গড়া। প্রায় ১৪ ফুট লম্বা মূর্তিটি মেচপাড়া চা বাগানের মাঝে অনেকটা দূর থেকেই দেখা যায়। উদ্বোধনের সময় এলাকার বিভিন্ন চা বাগান থেকে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। কালচিনির বিডিও ভূষণ শেরপা, মেচপাড়া চা-বাগানের আধিকারিকরাও উপস্তিত ছিলেন। ছিলেন সেনা বাহিনীর বর্তমান ও প্রাক্তন সদস্যরা। মৃত্যু দিনে চা বাগানের বীর শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানান প্রচুর মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *