আমাদের ভারত, আরামবাগ, ১২ ফেব্রুয়ারি: “৫ বছর ধরে নিখোঁজ গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। সন্ধান পেলে গোঘাটের সাধারণ মানুষকে খবর দিন।” এমনই শ্লোগান লেখা পোস্টার হাতে দিনের আলোতেও টর্চ জ্বেলে রাস্তায় বিধায়কের সন্ধান চললো। পাশাপাশি গোঘাট থানায় বিজেপি বিধায়কের নামে করা হল ‘নিখোঁজ ডায়েরি’। এই অভিনব প্রতিবাদের ছবি দেখা গেল গোঘাটে।

গোঘাটের বকুলতলা থেকে নিখোঁজ প্ল্যাকার্ড ও হাতে টর্চ নিয়ে মিছিল করে গোঘাট থানা পর্যন্ত মিছিল করা হয়। কোনও দলীয় ব্যানারে এই কর্মসূচি না হলেও মিছিলের নেতৃত্বে ছিলেন গোঘাট বিধানসভা তৃণমূলের প্রথম সারির নেতা- নেত্রীরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষ বিশ্বানাথবাবুকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু সাধারণ মানুষ তাঁর কাছ থেকে ন্যূনতম পরিষেবাটুকু পান না। ভোটে জেতার পর থেকে তিনি গোঘাটমুখো হননি। তাই এই প্রতিবাদ কর্মসূচি। ভোটের আগে এই অভিনব প্রতিবাদ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
প্রসঙ্গত, ২০২১ সালে ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দিয়েই গোঘাটে নির্বাচনের টিকিট পান বাম আমলের দীর্ঘদিনের বিধায়ক বিশ্বানাথ কারক। তৃণমূলের মানস মজুমদারকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। তার পর থেকে তাঁকে এলাকায় দেখা যায় না বলে বারবার অভিযোগ তোলে তৃণমূল। এবার ভোট ঘোষণার আগে সেই ইস্যুকে সামনে রেখে ময়দানে নামলো তৃণমূল।
যদিও বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের দাবি, তৃণমূল ভয় পেয়ে দিশেহারা হয়ে গিয়ে এইসব করছে।

