হাতির অস্বাভাবিক মৃত্যু, চাপা উত্তেজনা বেলবনিতে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ মার্চ: এক পূর্ণবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাপা উত্তেজনা দেখা দিয়েছে বাঁকুড়া সদর থানার বেলবনিতে।গতকাল অধিক রাতে হাতিটি বেলবনির পিথরাগোড়া গ্ৰামে হানা দেয়। গ্ৰামের শেষ প্রান্তে একটি টমেটো ক্ষেতের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্হানীয় গ্ৰামবাসীদের ধারণা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে তড়িতাহত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

স্হানীয় গ্ৰামবাসী সাধন বারিক জানান, গতকাল রাত দেড়টার পর হঠাৎ বিকট আওয়াজ হয়, সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইনও চলে যায়। চারিদিক অন্ধকার হয়ে যায়। কোনোও বিপদের আশঙ্কা করে সকলেই বাড়ির বাইরে বেড়িয়ে আসেন, এমনিতেই এই এলাকায় হাতির তান্ডব চলছে।আজ নতুন কিছু ঘটলো কি না তা দেখতে টর্চ হাতে অনুসন্ধান চলে। গ্ৰামের শেষ মাথায় এসে দেখা যায় একটি হাতি পড়ে আছে। এই স্হান দিয়ে ১১০০ ভোল্টের হাই টেনশন লাইন গেছে।হাতিটি কোনো ভাবে তারের সংস্পর্শে আসে।তার জেরেই বিদ্যুৎ বিভ্রাট। সকাল হতেই হাতির মৃত্যুর খবর পেয়ে পাশাপাশি এলাকা থেকে বহু মানুষ জড়ো হয়। সকাল বেলা খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

বিভাগীয় বনআধিকারিক কে. রাই জানান, সকাল বেলায় একটি হাতির মৃত্যুর ঘটনার খবর আসে।বনকর্মীরা ও চিকিৎসক দল সেখানে গেছে।হাতিটার ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *