যুবকের অস্বাভাবিক মৃত্যু, বিক্ষোভ পাঁচলা থানায়

আমাদের ভারত, হাওড়া, ১৪ জুলাই: থানা থেকে ছেড়ে দেওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল পাঁচলায়। মৃত যুবকের নাম পলাশ হাজরা (৩২)। বাড়ি রানীহাটি বেলতলায়। পুলিশের গাফিলতিতে যুবকের মৃত্যু হয়েছে এই অভিযোগে বুধবার বিকেলে মৃতের আত্মীয় পরিজনেরা পাঁচলা থানায় বিক্ষোভ দেখায়।

জানাগেছে, সোমবার ভোর রাতে পেশায় জরি শ্রমিক পলাশকে জয়নগর থেকে আটক করে পাঁচলা থানার পুলিশ। রাতে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। যদিও বুধবার ভোরে জগৎবল্লভপুর থানার সন্তোষপুর থেকে পুলিশ পলাশের মৃতদেহ উদ্ধার করে।

এদিকে পলাশের মৃত্যুর খবর পাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে তার পরিজন ও প্রতিবেশীরা। পুলিশের গাফিলতিতে পলাশের মৃত্যু হয়েছে এই অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সোমবার সকালে তারা পলাশের আটকের বিষয়টি জানতে পারে। পরে তারা পাঁচলা থানায় আসলে থানা থেকে বলা হয় রাতে ছেড়ে দেওয়া হবে।

পরিবারের অভিযোগ, অনেক রাত পর্যন্ত থানায় অপেক্ষা করার পরেও পলাশকে না ছাড়ায় তারা বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে থানায় আসলে থানা থেকে জানানো হয় সোমবার রাত ১১ টার সময় পলাশকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, এরপর মঙ্গলবার সারাদিন পলাশকে খোঁজাখুঁজি করেও খুঁজে না পাওয়ার পর বুধবার সকালে পুলিশ পলাশের মৃত্যু সংবাদ দেয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সোমবার পুলিশ তাদের হাতে পলাশকে দিলে এই ঘটনা আজ তাদের দেখতে হত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *