বসিরহাট উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ নভেম্বর:
বসিরহাট উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দি সুজন মন্ডলের অস্বাভাবিক মৃত্যু ঘটে। আজ দুপুরের দিকে মাটিয়া থানার পুলিশ সুজন মন্ডলের(২৫) গ্রামের বাড়ি মাটিয়া বাজার সংলগ্ন কমলাপুর গ্রামে তার মায়ের কাছে গিয়ে এই সংবাদ জানায়। কিন্তু মৃত্যুর কোনও কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কালী পুজোকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় এক ব্যক্তি তার বিরুদ্ধে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে মাটিয়া থানায় অভিযোগ জানায়। তারই সূত্র ধরে মাটিয়া থানার পুলিশ সুজন মন্ডলকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বিচারক সুজন মন্ডলকে জেল হেফাজতে পাঠায়। সেই থেকেই প্রায় দু’বছর বসিরহাট উপ সংশোধনাগারে ছিল এই বিচারাধীন বন্দি। আজ দুপুরে জেল সূত্রে জানা যায় এই বিচারাধীন বন্দি সুজন মন্ডল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে বিচারাধীন বন্দির মৃত্যু ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *