রাজেন রায়, কলকাতা, ২১ জুলাই: ২১শে জুলাই এর মঞ্চকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের লড়াইয়ের ডাক দেবেন, তা একরকম প্রত্যাশিত ছিল। আর বাস্তবিকক্ষেত্রে হলও তাই।
একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয়কে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে গোটা দেশ থেকে বিজেপি উৎখাতের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যতদিন পর্যন্ত বিজেপিকে কেন্দ্র থেকে সরানো না হচ্ছে, ততদিন পর্যন্ত গোটা দেশে খেলা হবে বলে জানান তিনি।
আজ তিনি বিজেপিকে হাইলাইটেড ভাইরাস পার্টি বলে কটাক্ষ করে বলেন, “বিজেপিকে ভারত ছাড়া না করা পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে। খেলা একটা হয়েছে, এরাজ্যের নির্বাচনে। আবার খেলা হবে। বিজেপিকে ভারত থেকে বিতারিত না করা অবধি খেলা হবে। আজ আমাদের স্বাধীনতা বিপদে।”
এদিন তৃণমূল নেত্রী আরও বলেন, “বিজেপি শুধু জানে গুলি আর গালি। একটা হাই লোডেড ভাইরাস পার্টি ওটা। শুধু এজেন্সিকে কাযে লাগানো ছাড়া কিছুই বোঝে না। নিজের দলের লোকেদের বিরুদ্ধেও সংস্থাকে ব্যবহার করে। বিজেপি শুধু স্পাইগিরি করতেই পারে। আর কিছুই ওদের জানা নেই। এভাবে কোনওদিনও জয়ী হওয়া যায় না।”

