আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ জুলাই: মাধ্যমিকের মার্কশিট দেওয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়াল বিতরণ কেন্দ্রের সামনে। অনেকেই ভেবেছিলেন আগে এলে আগে পাবেন সেই ভিত্তিতে তারা গতকাল রাত থেকেই বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা লাইন দিয়েছিলেন মার্কশিট বিতরণ কেন্দ্রের সামনে। কিন্তু পর্ষদের নিয়ম মেনে স্কুলের ইন্ডেক্স নম্বর অনুযায়ী মার্কশিটগুলি প্রতিনিধি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হলে অশান্তি তৈরি হয়। পরে অবশ্য বোর্ডের নিয়ম অনুযায়ী ইনডেক্স মেনে সব স্কুল প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে মাধ্যমিকের মার্কশিট। অবস্থা সামাল দিতে ছুটে আসে পুলিশ।
মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তমলুকের কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে আজ সকাল ১০টা থেকে জেলার তমলুক ও হলদিয়া মহকুমার ২৪৭টি স্কুলের প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হল।
গতবছর মাধ্যমিক পরীক্ষার মাঝেই দেশে করোনার কারণে লকডাউন হয়েছিল। তবে এবার দ্বিতীয় ওয়েভের ধাক্কায় বাতিল হয়ে যায় মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের একটা বছর যাতে কোনওভাবে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর রেজাল্ট প্রকাশ করছে পর্ষদ। পূর্ব মেদিনীপুর জেলার ২৪৭টি স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রতিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয় তমলুকের কুলবেড়িয়া ভিমদেব আদর্শ বিদ্যালয় স্কুল থেকে। এই মার্কশিট নিতে মঙ্গলবার ভোর থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিনিধিরা ভিড় জমান কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয় স্কুলের সামনে।

বিভিন্ন স্কুলের তরফ থেকে আসা শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, প্রতিবছর যে স্কুলের প্রতিনিধিরা প্রথমে আসে আগে আসার ভিত্তিতে সেই অনুযায়ী তাদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হয়। কিন্তু এবছর বোর্ডের স্কুলের ইন্ডেক্স নম্বর অনুযায়ী স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানানো হয়, যেটা আগে থেকে কোন নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যার ফলে স্কুল চত্বরে উত্তেজনা হয়। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ স্কুলের প্রধান শিক্ষকের দাবি আগে থেকে বোর্ডে লেখা ছিল কিন্তু তা কেউ বা কারা মুছে তা দিয়েছে, ফলের সমস্যায় পড়েছেন মাধ্যমিকের মার্কশিট নিতে আসা শিক্ষক-শিক্ষিকারা। আর এই নিয়ে অশান্তি তৈরি হয়। পরে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমস্ত স্কুল প্রতিনিধিরা এই মার্কশিট নিয়ে স্কুলের দিকে রওনা হয়ে যান। স্কুল থেকে ছাত্রীদের হাতে সেই মার্কশিট তুলে দেওয়া হবে।

