পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র রাম নবমী উৎসব। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো এক বিশাল মোটর বাইক র্যালি, যা ঘিরে শহর জুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ।

রাম নবমী সমারোহ উৎসব সমিতির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালি শুরু হয় শহরের টিভি টাওয়ার মাঠ থেকে। আয়োজকদের দাবি, প্রায় এক লক্ষ মোটর বাইক নিয়ে এই শোভাযাত্রা মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে পুনরায় টিভি টাওয়ার মাঠে এসে শেষ হয়।

এই মহা র্যালিতে অংশগ্রহণ করেন প্রায় দুই লক্ষ সনাতনী ধর্মাবলম্বী মানুষ। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, ধর্মীয় আবেগ এবং শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি গোটা অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দেয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শোভাযাত্রায় যোগ দেন এবং রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষ র্যালিটি উপভোগ করেন।

উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। নজরদারির জন্য ব্যবহার করা হয় সিসিটিভি ক্যামেরা। বিশেষ টহলদারি ব্যবস্থাও চালু ছিল।

সব মিলিয়ে ধর্মীয় উৎসাহ, শৃঙ্খলা ও নিরাপত্তার মেলবন্ধনে মেদিনীপুরে এবারের রাম নবমী উদযাপন হয়ে উঠেছে স্মরণীয়।

