আমাদের ভারত, ২১ জুন:এতদিন নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতি মামলা নিয়ে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এবার নজির বিহীন ভাবে সেই তালিকায় যুক্ত হল পঞ্চায়েত ভোটের নাম। পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ বাংলায় শুধু নয়, দেশের নির্বাচনের ইতিহাসে নজির বিহীন।
উলুবেড়িয়ার একটি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। জানাগেছে, উলুবেড়িয়া ২ ব্লকের কাশ্মীরা বিবি ও ওমজা বেবি নামের দুই সিপিএম প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অভিযোগ, স্কুটনিতে তাদের ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে। এই দুই প্রার্থীর অভিযোগ, তারা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তা বিকৃত করা হয়েছে। এছাড়াও তাদের বক্তব্য, বিডিওর কাছে তারা অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়নি।
ফলে তারা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। দু’জনের করা সেই মামলাতেই বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, আগামী ৭ জুলাইয়ের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। ৮ জুলাই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ঠিক তার আগের দিন তদন্ত রিপোর্ট দিতে বলেছে আদালত।
বিচারপতি বলেন, রাজ্য পুলিশকে এই তদন্তভার দেওয়া যাবে না। কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারি। তাই নিরপেক্ষ তদন্তের জন্য এই তদন্ত ভার সিবিআইকে দেওয়া হলো। এই রায়ে পরোক্ষ ভাবে চাপ তৈরি করবে বলেই মত অনেকের।
সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “আমরা আগেই বলেছি রাজ্য প্রশাসনের একটা বড় অংশ যে কোনো কারণেই হোক তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে। এবার আদালতের রায়ে সেটা স্পষ্ট হয়ে গেল। এবার এরা বুঝবে কত ধানে কত চাল।”

