অপ্রয়োজনীয়! “মালবাজারের মৃত্যু, বানভাসি মানুষ, ভাঁড়ার শূন্য, তবু কেন খুশির কার্নিভাল?” প্রশ্ন কমলেশ্বরের

আমাদের ভারত, ৮ অক্টোবর: ‘খুশির কার্নিভাল অপ্রয়োজনীয়’। রেড রোডের কার্নিভাল নিয়ে এমনটাই মন্তব্য পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের। পরিচালকের দাবি, মালবাজারের ঘটনায় এত মানুষের মৃত্যু হয়েছে, এত মানুষ বানভাসি, রাজ্যের ভাঁড়ার শূন্য, সেখানে এই উৎসব অপ্রয়োজনীয়। একই সঙ্গে তিনি মেয়ো রোডে থাকা আন্দোলনকারী চাকরি প্রার্থীদের তুলে দেওয়ার বিষয়টিও অমানবিক বলে মন্তব্য করেছেন।

পরিচালক বলেন, মালবাজারে হড়পা বানের ঘটনায় রাজ্যে একটা বড় ক্ষত তৈরি হয়েছে। এই আবহে আমার মনে হয় না কার্নিভালটা ভালো লাগবে। এই আবহে উৎসবের আয়োজন অনুচিত। এত মানুষ বানভাসি বহু নিখোঁজ এবং মৃত। তার পরেও কি এই খুশির কার্নিভাল আয়োজন করা জরুরি?

চাকরির দাবিতে মেয়ো রোডে বসে দীর্ঘদিন অবস্থান-বিক্ষোভ চালাচ্ছে এসএসসি চাকরি প্রার্থীরা। এদিকে রেড রোডে দুর্গা পুজো কার্নিভালকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধর্মতলা চত্বর। সেই মর্মে তাদের অবস্থান তুলে নেওয়ার নোটিশ ধরানো হয়। এই প্রসঙ্গে কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, চাকরির দাবিতে যে প্রার্থীরা আন্দোলন করছেন কার্নিভালের জন্য তাদের উঠে যেতে বলা অমানবিক। তাদের কিছু করার নেই তারা অসহায়।

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, সরকার এইসব দান-খয়রাত করেই রাজস্ব শেষ করছে। ভাঁড়ার নষ্ট হচ্ছে। এইসব উৎসব না করে আক্ষরিক অর্থে উন্নয়নমূলক কাজ করা উচিত। মুখ্যমন্ত্রী তো বলেন, রাজকোষে টাকা নেই। ডিএ দেওয়া যাচ্ছে না। মিড ডে মিল দেওয়া যাচ্ছে না। এই ব্যয়বহুল কার্নিভাল কি তবে ভাঁড়ার শূন্য করছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *