আমাদের ভারত, হাওড়া, ১১ সেপ্টেম্বর: চোলাই মদের ঠেক থেকে ৫০ ফুট দূরে একটি জলা জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পাঁচলা থানার একব্বরপুরে। মৃত যুবকের নাম অলিপ সাঁতরা (৩৮)। বাড়ি জগৎবল্লভপুরের ফিঙেগাছি এলাকায়। পাঁচলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, একব্বরপুরে একটি চোলাইয়ের ঠেক আছে। সারাদিন বিভিন্ন মানুষের যাতায়াত আছে ঐখানে। অলিপ ও মাঝেমধ্যে ওইখানে যেত। সূত্রের খবর, শুক্রবার ভোরে পেশায় মিষ্টির দোকানের কর্মী অলিপ বাড়ি থেকে বাজারের ব্যাগ নিয়ে বের হয়। পরে ভোর ৬টা ৩০ নাগাদ মদের ঠেকের কিছুটা দূরে জলা জমির মধ্যে মৃত অবস্থায় অলিপকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

মৃত যুবকের পরিবারের বক্তব্য, মাঝে মধ্যেই অলিপ মদের ঠেকে যেত এবং আমরা তাকে ওখানে যেতে বারণ করতাম। আজ সকালে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল কোথায় গিয়েছিল আমরা জানি না। পরে জানতে পারি মদের ঠেকের কিছুটা দূরে তার মৃতদেহ পড়ে আছে।

