’বিদেশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাঁটছড়া’, প্রতিক্রিয়া প্রাক্তন উপাচার্যের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২১ এপ্রিল: “বিদেশের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের গাঁটছড়া বাঁধার ব্যাপারটা নতুন নয়, প্রচারটা নতুন।” এই মন্তব্য করেছেন বরিষ্ঠ শিক্ষাবিদ ডঃ অচিন্ত্য বিশ্বাস।

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) একলপ্তে কিছু বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের গাঁটছড়া বাঁধার কথা রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে প্রাক্তন উপাচার্য তথা ভারতীয় জাদুঘরের অছি পরিষদের সদস্য অচিন্ত্যবাবু এই প্রতিবেদককে জানান, “১৯৫৮ নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশ করে ‘এডুকেশন ইন অ্যাব্রড’ নামে একটি বড়ো বই। তাতে ইউরোপ আমেরিকা জাপানসহ বেশ কিছু দেশে উচ্চ শিক্ষা গবেষণার হদিশ দেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি বিভাগ, কানাডার লালবাহাদুর শাস্ত্রী ফাউন্ডেশন বহু ছাত্র গবেষক বিনিময় করে। মার্কিন দেশের ফোর্ড ফাউন্ডেশন, জাপান ফাউন্ডেশন, ডিয়াডো লাইফ ফাউন্ডেশন প্রভৃতি এই ধরনের কাজ করছে বহুদিন। এতে ব্যক্তিগত গবেষণা বা বিশ্ববিদ্যালয় স্তরের বিশেষ চর্চা কেন্দ্র গড়া হয়। এর সামান্য কিছু লাভ হয় বৈকি।

ইদানীং অনলাইন পদ্ধতি, নতুন জাতীয় শিক্ষা নীতি, পাশ্চাত্য সেমিস্টার পদ্ধতি বা ক্যাফেটারিয়া মডেল এসে আন্তর্জাতিক মায়া সংযোগ বেড়েছে। ফলে এত মৌ স্বাক্ষরের বাড় বাড়ন্ত। এর লাভ ব্যক্তিগত স্তরে সামান্য হয়। বিশ্ববিদ্যালয়গুলি বিশেষত বিজ্ঞান গবেষণায়, এর সুফল পায়। তবে এগুলি খুব নতুন নয়। এসব নিয়ে প্রচারটা নতুন।”

প্রসঙ্গত, বিজিবিএস-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় তিনটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেন। ইংল্যান্ডের ইউসিএল, লিডস বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা গাঁটছড়া বাঁধে কলকাতার সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাক্ষর করে পাঁচটি মউ। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। পোল্যান্ড, ইংল্যান্ড ছাড়াও ভিন রাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা ও ছাত্র বিনিময় নিয়ে চুক্তি করেছে যাদবপুর। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গাঁটছড়া বাঁধল রাশিয়ার একটি সংস্থার সঙ্গে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় মউ চুক্তি করে ‘অ্যাটমিক মিনারেলস ডাইরক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ’-এর সঙ্গে। অ্যাডামাস, সিকম, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *