আমাদের ভারত, ১৯ মার্চ: গত বছর দুর্গা পুজার সময় বাংলাদেশে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। হিন্দুদের ওপর চূড়ান্ত অত্যাচার নেমে আসার অভিযোগ ওঠে। সেই ঘটনার স্মৃতি মলিন না হতেই আবারও সেখানে হিন্দুদের ওপর হামলা হয়েছে। বাংলাদেশে ঢাকার ইসকনের রাধাকান্ত মন্দিরে প্রায় ২০০ জন দুষ্কৃতী ঢুকে ভাঙ্গচুর চালিয়েছে। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই এবার রাষ্ট্রসঙ্ঘের বিরুদ্ধে তোপ দেগেছেন কলকাতার ইসকনের সহসভাপতি রাধারমন দাস। তাঁর অভিযোগ রাষ্ট্রসঙ্ঘ ইসলামফোবিয়া নিয়ে চিন্তিত কিন্তু সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া অত্যাচারের ক্ষেত্রে একেবারে নিশ্চুপ।
ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকনের মন্দিরে দুষ্কৃতিদের তান্ডব নিয়ে টুইটারে প্রবল নিন্দা করেছেন রাধারমন দাস। টুইটারে অভিযোগের সুরে তিনি লিখেছেন, হিন্দুদের কান্নার প্রতি রাষ্ট্রসংঘ সবসময়ই একেবারে চুপ করে থাকে।
তিনি আরও লেখেন, “দোলযাত্রা এবং হোলির ঠিক আগের দিনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কয়েকদিন আগেই ১৫ মার্চ আন্তর্জাতিক ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের দিন হিসেবে ধার্য করে রেজুলেশন পাশ করেছে রাষ্ট্রসংঘ। অথচ আমরা অবাক যে এই একই রাষ্ট্রসংঘ অসহায় বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ব্যাপারে একেবারে নিশ্চুপ। এত সংখ্যালঘু হিন্দু তাদের প্রাণ, সম্পত্তি হারিয়েছেন, ধর্ষিত হয়েছে। কিন্তু হায় রাষ্ট্রসংঘ শুধু ইসলামফোবিয়া নিয়ে পড়ে আছে আজ।”
It's very very unfortunate incident on the eve of Dol Yatra & Holi celebrations. Just few days ago, United Nations passed a resolution declaring 15th March as International day to combat Islamophobia. We are surprised that same United Nations…..1/3 https://t.co/aMci2GdQdv
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) March 18, 2022
আবারও গতবছর দুর্গোৎসবের সময়ের প্রসঙ্গ টেনে আনেন রাধারমন দাস। কুমিল্লার নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন বেশকিছু সংখ্যালঘু হিন্দু। পুলিশে রিপোর্ট থেকে স্পষ্ট হয়েছে দাঙ্গায় প্ররোচনা দিতে পূজামণ্ডপে ইচ্ছাকৃত কোরান রেখে এসেছিল এক মুসলিম সম্প্রদায়ের দুষ্কৃতী।

