পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: ব্যাঙ্কের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করতে, সেই সঙ্গে পরিষেবাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করলো খাকুড়দা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার খাকুড়দার স্থানীয় একটি ক্লাবে এলাকাবাসী এবং ওই ব্যাঙ্কের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং কর্মচারীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত এলাকাবাসীরা ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানতে পারেন। এছাড়াও এদিনের এই শিবির থেকে বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবাও দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এদিনের এই শিবিরে উপস্থিত ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খাকুড়দা শাখার আধিকারিকরা জানান, প্রত্যন্ত এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কের মানুষকে সচেতনতা, সেইসঙ্গে পরিষেবা দেওয়ার লক্ষ্যে মূলত এই শিবিরের আয়োজন। আজকের এই শিবিরের মতন আগামী দিনে এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের শিবিরের আয়োজন করবেন বলে জানান তারা। ব্যাঙ্কের বিভিন্ন শাখা সমূহ যেমন সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকেও ব্যাঙ্কিং বিভিন্ন পরিষেবাগুলিকে মানুষের কাছে আরো কিভাবে পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থাও করবেন বলে তারা জানান এদিন। সবশেষে এদিনের এই শিবিরে উপস্থিত এলাকাবাসীরা ব্যাঙ্কের এই পরিষেবা নিয়ে কি বলছেন সে বিষয়েও মতামত নেন উপস্থিত ব্যাঙ্কের আধিকারিকরা।

