সাথী দাস, পুরুলিয়া, ১৮ জানুয়ারি: “নিরপেক্ষভাবে ভোটিং হোক, এটাতে যাদের ভয়, তারাই আপত্তি জানাচ্ছেন। ভোটিংয়ে সবার কাগজপত্র একসাথে হাতিয়ে নেওয়ার ঘটনা আমাদের সকলের দেখা আছে। রিমোট ভোটিং সিস্টেম পদ্ধতিতে জবরদখল করা যাবে না, ভোটার স্লিপ নিয়ে নিতে পারবে না। তাই তাদের ভয়।” বুধবার আদ্রায় কেন্দ্রীয় বিদ্যালয়ের পরিদর্শন ও আগামী ২৭ জানুয়ারি ‘পরীক্ষা পে চর্চা’ প্রস্তুতির বৈঠকে এসে এভাবে নাম না করে তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

রিমোট ভোটিং সিস্টেম নিয়ে ইতিমধ্যেই এই ব্যবস্থাপনা প্রয়োগের প্রতি আপত্তি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই ইস্যুতে তৃণমূলকে তোপ দাগেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী।

এছাড়া মিড ডে মিল নিয়ে তিনি জানান, “মিডডে মিলকে ঘিরে বিভিন্ন যে ঘটনা ঘটছে, তাতে প্রমাণিত, তা নিয়ে বহু অভিযোগ এসেছে। এতে প্রমাণিত, তদারকি ঠিকমতো হয় না। তাই কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক মিডডে মিলের তদন্ত কারার জন্য দল পাঠিয়েছে।”

