ধাক্কা খেল “আজাদি কা অমৃত মহোৎসব”, মেদিনীপুর সংশোধনাগারে পতাকা তুলতে দেওয়া হল না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ আগস্ট: দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ৭৫টি সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন সহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অফ অনার দেওয়া হলেও পতাকা উত্তোলন করতে দিলেন না জেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি,”অনুমতি নেই”। পতাকা উত্তোলন করতে না পেরে ক্ষোভ উগরে বেরিয়ে গেলেন প্রতিমন্ত্রী।

মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আগে থেকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের উপস্থিতির কথা জানানো হয়েছিল। বিজেপি নেতাদের দাবি, “আজাদী কা অমৃত মহোৎসব” উপলক্ষে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের উল্লেখযোগ্য স্থানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করবে দেশের মন্ত্রীরা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে শনিবার সকালে সেই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আগে থেকে বিষয়টি জানা ছিল জেল কর্তৃপক্ষের। সুভাষ সরকারকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানিয়ে জেল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেয়,
“এখানে পতাকা উত্তোলন করতে দেওয়ার কোনো অনুমতি নেই।” প্রায় পাঁচ মিনিট ধরে জেল সুপার সুদীপ বসুর সঙ্গে কথা বলেও পতাকা উত্তোলন করতে না পেরে ক্ষোভ উগরে দিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

তিনি বলেন, “দেশজুড়ে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের আধিকারিকদের জানানো হয়েছে। যার প্রতিলিপি আমার কাছে রয়েছে। তা সত্ত্বেও নিছক রাজনৈতিক উদ্দেশ্যে এই পতাকা উত্তোলন করতে দেওয়া হল না। বিষয়টি নিয়ে জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *