“পাহাড়ের জন্য এটা তার বিলম্বিত বোধদয়”, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

আমাদের ভারত, দার্জিলিং, ২৩ অক্টোবর: রবিবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার কার্শিয়াং যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ধস কবলিত এলাকা নিয়ে একটি বৈঠকও করবেন স্থানীয় প্রশাসনের সাথে। এদিকে শনিবার দিল্লি থেকে ফিরে এসে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন, মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকাই কর্তব্য মুখ্যমন্ত্রীর। তাই উনি যে করেছেন তার জন্য তাকে ধন্যবাদ। কিন্তু পাহাড়ের জন্য এটা তার বিলম্বিত বোধদয়।

পাশাপাশি তিনি দিনহাটা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মন্ডলের ওপর আক্রমণের ঘটনার কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন জিতেছে শাসক দল। ভবানীপুর উপনির্বাচনেও স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানো হয়েছে। ওখানে প্রায় ৯০ হাজার মানুষ ভোট দিতে পারেনি। একইভাবে দিনহাটাতেও ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। সেখানেও এলাকার ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বিজেপি প্রার্থী অশোক মন্ডলকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এভাবেও দিনহাটার মানুষকে দমানো যাবে না। তারা শাসক দলের রক্ত চক্ষুকে উপেক্ষা করেই ভোট দিয়ে আমাদের জেতাবে। তবে এই ঘটনা থেকে বোঝাই যাচ্ছে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। এখানে শাসকদল ভয়ের পরিবেশ তৈরি করেই উপনির্বাচন জিততে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *