নীল বনিক, আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: স্বামী প্রণবানন্দ মহারাজের প্রেরণায় উদ্বুদ্ধ হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরীর সম্পর্কের রসায়ন নিয়ে মুখ বললেন অমিত শাহ। বৃহস্পতিবার কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমের স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজ আমাদের কাছে আদর্শ। অবিভক্ত ভারত ও স্বাধীন ভারতে ভারত সেবাশ্রম সংঘের সেবা কার্য উল্লেখযোগ্য। মানুষ যখনই বিপদে পড়ে তখনই এই ধর্মীয় সেবা প্রতিষ্ঠানটি ঝাঁপিয়ে পড়ে, যা আমাদের কাছে অনুপ্রেরণা বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে গিযয়ে স্বামী প্রণবানন্দের ছবির সামনে আরতি করেন অমিত শাহ। এরপর পুরো প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন তিনি। মহারাজদের সঙ্গেও আলাদা আলাদা ভাবে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি মহারাজদের সঙ্গে নিয়ে একটি গ্রুপ ছবি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

