পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে সভা মঞ্চে প্রবেশ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় পরিবর্তন সুনিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে হয়েছে “পরিবর্তন সংকল্প যাত্রা”। আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা হাইস্কুল মাঠ থেকে এই যাত্রার সূচনা হয় চলবে আগামী ১০ দিন।

দলের সুসজ্জিত প্রচার রথ পশ্চিম মেদিনীপু, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন পথ পরিক্রমা করে এগিয়ে যাবে। গড়বেতায় আজ পরিবর্তন সংকল্প যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির এক ঝাঁক নেতৃত্ব।

এদিন পরিবর্তন সংকল্প সভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেন, জঙ্গলমহল সহ ৫৪টা আসনে তৃণমূল এবারের নির্বাচনে বউনি পর্যন্ত করতে পারবে না। এস আই আর প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, যাদের নাম বাদ গিয়েছে তারা যদি হিন্দু শরণার্থী হয়ে থাকেন তাহলে তারা সিএএ’র জন্য আবেদন করুন, নরেন্দ্র মোদী সরকার তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবেন। তবে বাকি যে ৬০ লক্ষ ভোটার সন্দেহজনক তালিকায় রয়েছে তাদের মধ্যে বড় অংশ বাংলাদেশি অনুপ্রবেশকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভোট ব্যাঙ্ক এরই।
তিনি বলেন, ২০১১ সালে মানুষ যা পরিবর্তন পেয়েছিল সেটা মানুষের কাম্য পরিবর্তন ছিল না। আমরাও পরিবর্তনের পক্ষে কাজ করেছিলাম। কিন্তু বাস্তবে যা হয়েছে বোতলটাই পরিবর্তন হয়েছে, ভিতরের জিনিসটা পুরানোই রয়ে গিয়েছে। এবারই হবে আসল পরিবর্তন। বাংলার মানুষ এই পরিবর্তনের জন্য তৈরি।

