সাথী দাস, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখালেন কর্মহারা কর্মীরা। করোনাকালে নিয়োগ হয়েছিলেন বিক্ষোভরত ওই ৩৬ জন কর্মী। তাঁরাই পুনর্নিয়োগের দাবিতে আজ বিক্ষোভ দেখান।
বিক্ষোভরতরা জানান, গত মার্চ মাসে যখন শতাধিক করোনা সংক্রমিত রোগী হাতোয়াড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি ছিল সেই সময় একটি সংস্থার মাধ্যমে ৪২জনকে নিয়োগ করা হয়েছিল। পরে দেড় মাসের মাথায় তাদের ছাড়িয়ে দেওয়া হয় তাও আবার কোনও পারিশ্রমিক ছাড়াই। দীর্ঘদিন তারা বিভিন্ন দফতরে ঘোরাঘুরি করলেও কোনও সুহারা হয়নি। বুধবার দিন কলকাতার ওই বেসরকারি ঠিকা সংস্থা ৩৬ জন কর্মীকেই ডেকে পাঠায়। তাদের এক মাসের বকেয়া বেতন চেকের মাধ্যমে পেমেন্ট করতে চায় এবং তারা যেন আর কাজের দাবি যেন না করেন এই শর্তে। এর পরই ওই কর্মীরা তৃণমূলের ঝান্ডা নিয়ে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, করোনা পরিস্থিতির সময় কাজ করে এখন অন্যজনকে নেওয়া হলে মানা হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি মেডিকেল কলেজে চারটি ইউনিটের চিকিৎসা পরিষেবা শুরু হয়। সেখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁদেরই অধিকার দিতে হবে বলে জানান বিক্ষোভকারীরা। যদিও ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যে তাদের যে পরিমাণ টাকা বরাদ্দ তার চাইতে বেশি লোক নিয়োগ হয়। তাই ওই ৩৬ জনকে বাদ দেওয়া হয়েছে।

