‘অগণতান্ত্রিক!’ তৃণমূল সরকারকে দুষে চাকরিপ্রার্থীদের পাশে অপর্ণা সেন

আমাদের ভারত, ২১ অক্টোবর: টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তুলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করলেন অপর্ণা সেনের। শুক্রবার সকালে একটি টুইট করে পুলিশ তথা রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন তিনি।

অভিনেত্রী তথা পরিচালক লেখেন, “অনশনকারীদের সাধারণ অধিকার ছিনিয়ে নিচ্ছে তৃণমূল সরকার। একটি অহিংস আন্দোলনের ক্ষেত্রে কেন ১৪৪ ধারা জারি করা হল? কেন? এই অগণতান্ত্রিক এবং অনৈতিক কাজের জন্য রাজ্য সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।”

উল্লেখ্য, ২০১১ সালে পরিবর্তনের ডাক দেওয়া একাধিক বুদ্ধিজীবীদের মধ্যে অপর্ণা সেন ছিল উল্লেখযোগ্য নাম। তবে সম্প্রতি একাধিক ইস্যুতে তৃণমূল সরকারের বিরোধীতা করতে দেখা গিয়েছে তাঁকে। এর আগে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়েও মুখ খুলেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তিনি। একটি টুইটে অপর্ণা সেন বলেছিলেন, “তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে যে অর্থ উদ্ধার হয়েছে তা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করেই করা হয়েছে তা ভুলে গেলে চলবে না। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু, এতে সব ধোয়া যাবে না। যাঁদের লুঠ করে এই টাকা জমানো হয়েছে তাদের উপকারের জন্য তা ব্যয় করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *